পর্তুগাল দলে রোনালদোকে নিয়ে কোচের বড় বার্তা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ণ
পর্তুগাল দলে রোনালদোকে নিয়ে কোচের বড় বার্তা

ক্রীড়া ডেস্ক: উয়েফা নেশনস লিগে রাতে ওয়েলসের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। বিশ্বকাপের পর পর্তুগাল ফুটবলে আনুষ্ঠানিকভাবে সূচিত হতে যাচ্ছে ‘জেসুস যুগ’। নতুন কোচ জর্জ জেসুসের অধীনে দলটিতে ৪১ বছর বয়সী মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে বিশেষ উদ্দীপনা ও কৌতূহল।

ওয়েলসের বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোনালদোর একাদশে থাকা, শারীরিক ফিটনেস এবং দলে তার প্রভাব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে নতুন পর্তুগাল কোচ তার অবস্থান পরিষ্কার করেন। আল নাসরে রোনালদোর সাথে নিজের অতীত অভিজ্ঞতা থেকে হংকংয়ের একটি প্রীতি ম্যাচের উদাহরণ টেনে জেসুস বলেন— "রোনালদোকে ছাড়া যখন আমরা ৫৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ম্যাচ খেলেছিলাম, তখন মাঠে মাত্র ৩ হাজার দর্শক ছিল। কিন্তু ও যখনই খেলে, পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।"

রোনালদোর ফিটনেস নিয়ে সব সময় প্রশ্ন তোলার সমালোচনা করে জেসুস বলেন, "রোনালদো পর্তুগাল ও আমাদের জাতীয় দলের সবচেয়ে বড় প্রতীক। সে ম্যাচ খেলার মতো প্রস্তুত কি না, তা ও নিজে ঠিক করে না—সেই সিদ্ধান্ত নেন কোচ। আমি ওর সঙ্গে পুরো একটা বছর কাটিয়েছি, তাই পর্তুগালের জন্য এই খেলোয়াড়ের গুরুত্ব কতখানি, তা আমি হাড়ে হাড়ে জানি।"

ওয়েলসের বিপক্ষে ৪১ বছর বয়সী এই তারকা পুরো ৯০ মিনিট খেলবেন কি না—তা ম্যাচের পরিস্থিতির ওপর ছেড়ে দিয়ে জেসুস কিছুটা রসিকতার ছলেই বলেন, "আশা করি, ম্যাচের মধ্যে তার কোনো শারীরিক সমস্যা হবে না। সবকিছু ভালোভাবেই চলবে এবং সে এক বা দুটো গোল করবে; গোল করার পর পরই আমি তাকে তুলে নেব!"

বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে ওয়েলসের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল।

মন্তব্য করুন