আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৪ বেসামরিক নিহত
অনলাইন ডেস্ক: আফগানিস্তানের অভ্যন্তরীণ ১০টি স্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চালানো এই হামলায় চারজন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে কাবুলের তালেবান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আফগানিস্তান সীমান্ত থেকে উৎক্ষেপণ করা একাধিক ক্ষতিকর ড্রোন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ধ্বংস করে। এর পরই আগের হামলার সঙ্গে সরাসরি যুক্ত সামরিক স্থাপনা ও ড্রোন সংরক্ষণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ১০টি পয়েন্টে “নির্ভুল বিমান হামলা” চালানো হয়। ভবিষ্যতে তালেবান সরকার কোনো উসকানিমূলক পদক্ষেপ নিলে পাকিস্তান কঠোর জবাব দেবে বলেও তিনি হুশিয়ারি দেন।
অন্যদিকে, ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি জানান, পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে হামলা চালিয়েছে।
তালেবান মুখপাত্র এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "এ ধরনের অসতর্ক ও শত্রুভাবাপন্ন কর্মকাণ্ড আফগান জনগণের ক্ষোভ উসকে দেবে এবং এর নেতিবাচক প্রভাব পাকিস্তানের সামরিক বাহিনীর ওপরই পড়বে। এই হামলার উপযুক্ত ও সঠিক জবাব দেওয়া হবে।"
উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক পুলিশ স্থাপনায় হামলায় অন্তত ২৪ জন নিহত হন। এরপর থেকেই মূলত দুই প্রতিবেশী দেশের সীমান্ত উত্তেজনার পারদ নতুন করে চরম আকার ধারণ করেছে।