পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
অনলাইন ডেস্ক: রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল অংশকে আনুষ্ঠানিকভাবে 'হকারমুক্ত' ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত এই এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন শেষে এই কঠোর সিদ্ধান্তের কথা জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, "পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নির্দেশনা অমান্য করে কেউ রাস্তা বা ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও জানান, শহরবাসীকে সুশৃঙ্খল ফুটপাত ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে একাধিক হকার সংগঠনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করা হয়েছে। সংগঠনগুলোও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে সাধারণ পথচারীদের হাঁটার জায়গা সচল রেখে রমনা ভবনের পূর্বপাশের নির্ধারিত স্থানে সুনির্দিষ্ট নিয়ম, সময় ও নিবন্ধিত হকাররা বসতে পারবেন। নিবন্ধনের বাইরে বা যত্রতত্র বসে জনভোগান্তি তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ডিএসসিসি প্রশাসক।
পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।