গাফিলতি করলে সিটি করপোরেশনের কর্মকর্তাকেও জরিমানা করা হবে: আব্দুস সালাম

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
গাফিলতি করলে সিটি করপোরেশনের কর্মকর্তাকেও জরিমানা করা হবে: আব্দুস সালাম
ডেঙ্গু প্রতিরোধে রাজারবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পরিভ্রমণ করছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে নগরবাসীকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন না হলে বা অবহেলা করলে সাধারণ জনগণের বিরুদ্ধেও জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হবে। শুধু সাধারণ মানুষই নয়, ডিএসসিসির কোনো কর্মকর্তা-কর্মচারীর কাজে অবহেলা প্রমাণিত হলেও তাঁদেরও শাস্তির আওতায় আনা হবে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা দখলমুক্তকরণ কর্মসূচি, সরেজমিন পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, “নগরবাসীকে নিজেদের সুস্থতার স্বার্থেই নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। কোথাও যেন কোনো অবস্থাতেই পানি জমে এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন হলে আগামী দিনে ডেঙ্গু পরিস্থিতি আরও জোরালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।”

এদিন রাজারবাগ এলাকায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন উপযোগী পরিষ্কার জমে থাকা পানি দেখতে পায় আদালত। তাৎক্ষণিকভাবে ভবনের মালিক বা কর্তৃপক্ষকে ডেঙ্গু আইন ও বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা নির্মাণসামগ্রী না রাখার কঠোর নির্দেশ দেন প্রশাসক আব্দুস সালাম। বিগত সরকারের আমলে শুরু হওয়া অসম্পূর্ণ বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ায় নগরবাসীকে সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় ফেলে যাওয়া এসব উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

রাজারবাগের এই বিশেষ অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালुकদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন