কারোর আশকারায় ফুটপাত দখল করা যাবে না: রাশেদ খান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
কারোর আশকারায় ফুটপাত দখল করা যাবে না: রাশেদ খান

অনলাইন ডেস্ক: কারোর আশকারা বা প্রশ্রয়ে শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ফুটপাত দখলের ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের কালীগঞ্জ নতুন বাজার স্টেডিয়াম এলাকায় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন ‘পৌর মার্কেট’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ফুটপাত ও শহরের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে হকারদের উচ্ছেদ করার পাশাপাশি তাদের স্থায়ী ও নির্দিষ্ট পুনর্বাসনের সুযোগ তৈরি করাও জরুরি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবির হাসান এবং স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে মধুগঞ্জ বাজার এবং জনতার মোড় পর্যন্ত দীর্ঘ দিন ধরে অনিয়ন্ত্রিত ফুটপাত দখলের কারণে সারাক্ষণ তীব্র যানজট লেগে থাকত। এই ভোগান্তি দূর করতে পৌরসভা কর্তৃপক্ষ হকারদের বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে নতুন মার্কেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পৌর কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, নির্দিষ্ট মার্কেট নির্মাণ সম্পন্ন হলে সড়কের ওপর ও ফুটপাতে অবৈধ দোকানের আধিক্য কমবে, ফলে শহরের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কেটে যাবে।

মন্তব্য করুন