জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে: মাহ্দী আমিন

প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে: মাহ্দী আমিন

বিশেষ সংবাদদাতা: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের মিডিয়া চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সার্বিক সাফল্য ও সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের বিষয়বস্তু তুলে ধরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মাহ্দী আমিন জানান, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব। জবাবে প্রধানমন্ত্রী দীর্ঘ দিন পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রতিনিধি হিসেবে জাতিসংঘে দেশের নেতৃত্ব দিতে পারার অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধি এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা প্রশংসিত হয়।

ব্রিফিংয়ে আরও বলা হয়, সাধারণ পরিষদের ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। পাশাপশি পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন প্রকল্প এবং স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন কর্মী নিয়োগের ঘোষণা বিশ্বনেতাদের কাছে প্রশংসিত হয়েছে। সফরের অংশ হিসেবে পাকিস্তান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

উক্ত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ ঊর্ধ্বতন কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন