বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সাঈদ পান্থ, বরিশাল: নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর আমতলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, "ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে গ্রাস করেছিল। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই সেই চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে।"
এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সরকারি হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়া জাতীয় পতাকা, ব্যানার ও রঙিন নিশানে সাজিয়ে তোলা হয় বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক।
এআইএল/সকালবেলা
|