বাউফলে ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ
বাউফলে ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ রাড়ি ওই গ্রামের ইসহাক রাড়ির ছেলে।

স্থানীয়রা জানান, আগের দিন রোববার সকালে একটি ভ্যাকু (ভেকু) মেশিন নেওয়ার সময় পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা খবর দিলে মমিনপুর জোনাল অফিসের লোকজন এসে ছেঁড়া তার মেরামতের জন্য টাকা দাবি করেন। গ্রাহকরা টাকা দিতে না পারায় তারা বিপজ্জনক অবস্থায় তারটি ফেলেই চলে যান। পরে সোমবার দুপুরে গরুর ঘাস কাটতে গিয়ে ওই তারে জড়িয়ে মারা যান কৃষক ইউসুফ।

এ ঘটনার পর পল্লী বিদ্যুতের কর্মচারীদের অবহেলা ও টাকা দাবির অভিযোগে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

ঘটনার বিষয়ে জানতে বাউফল জোনাল অফিসের ডিজিএম ও জরুরি অভিযোগ নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন