মণিরামপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগ

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
মণিরামপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে এক কিশোরীর দেওয়া ধর্ষণের অভিযোগ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। লিখিত অভিযোগ দেওয়ার পর মামলা না হওয়া, অর্থ লেনদেনের গুঞ্জন, ইউপি সদস্যসহ একাধিক ব্যক্তির নাম জড়ানো এবং সর্বশেষ অভিযোগ প্রত্যাহারের আবেদন জমা পড়ায় এলাকা জুড়ে নানা প্রশ্ন ও গুঞ্জন চলছে।

গত ৩০ জুলাই মণিরামপুর থানায় লিখিত অভিযোগে দক্ষিণ আলী এলাকার ওই কিশোরী দাবি করে, ২৭ জুলাই রাতে প্রতিবেশী এক তরুণ তাকে জোরপূর্বক তুলে নিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তবে ঘটনার পর মামলা না করে নেহালপুর পুলিশ ক্যাম্প ও স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি সমঝোতার চেষ্টা চলে বলে অভিযোগ ওঠে। এমনকি সমঝোতার নামে একটি পক্ষ অভিযুক্তের পরিবারের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রশিদ মোল্যার নাম ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন মোড় নেয়। তবে স্থানীয় একাংশের দাবি, তিনি চক্রান্তের শিকার হয়েছেন। অন্যদিকে অভিযুক্ত তরুণের মা ধর্ষণের দাবি অস্বীকার করে জানান, এটি প্রেমের টানাপোড়েন থেকে উদ্ভূত ঘটনা; তবে দুই পরিবারের সম্মান রক্ষার্থে তাঁরা স্থানীয়দের মাধ্যমে সমঝোতায় সম্মত হন।

সর্বশেষ দুই পরিবারের উপস্থিতিতে অভিযোগ প্রত্যাহারের আবেদন নেহালপুর পুলিশ ক্যাম্পে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক বিশ্বাস।

আইন বিশেষজ্ঞদের মতে, ধর্ষণের মতো গুরুতর ও জামিনঅযোগ্য অভিযোগ শুধু সামাজিক সমঝোতা বা অর্থ লেনদেনের মাধ্যমে সুরাহা করার সুযোগ নেই। ঘটনাটি আসলেই সত্য নাকি এর পেছনে অন্য কোনো স্বার্থ জড়িত ছিল—তদন্তের মাধ্যমে তা উন্মোচন করা জরুরি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন