কালিয়াকৈরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ণ
কালিয়াকৈরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে ১০৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার হিজলহাটি এলাকার পলমল গার্মেন্টসের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর সদরের নুনীটারী হরকলি এলাকার সেলিম মিয়া (২৬), কালিয়াকৈরের হিজলহাটি এলাকার রিনা বেগম (৪০) এবং একই এলাকার রবিউল ইসলাম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, পলমল গার্মেন্টসের সামনে ইয়াবা কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সেলিমের কাছে ৪৫০ পিস, রিনা বেগমের কাছে ৪০০ পিস এবং রবিউলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন