চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
চাঁদা না পেয়ে হোটেল ভাঙচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুয়েল রানা, চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে মহাসড়ক সংলগ্ন খাবার হোটেল ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চড়িয়া কান্দিপাড়া সামাজিক উন্নয়ন ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল হাকিম ফকির ও তাঁর পরিবার অভিযোগ করেন, হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম হাসু, তাঁর ছোট ভাই জামায়াত নেতা আলী হাসান এবং আওয়ামী কর্মী আহমাদ দীর্ঘদিন ধরে তাঁদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৬ সেপ্টেম্বর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভেকু মেশিন দিয়ে তাঁদের ‘শামীম হোটেল’ ভাঙচুর ও মারধর করা হয়।

ভুক্তভোগীরা আরও জানান, ঘটনার রাতেই সলঙ্গা থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলেও তিন দিনেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন