গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা মাসুম লুমেন। চাচার স্মৃতিচারণ করে তিনি বলেন, “বড় আব্বা অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন। তিনি তাঁর রুহের মাগফিরাত ও আত্মিক শান্তির জন্য সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।”
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মো. মনোয়ার হোসেন চৌধুরী দীর্ঘ সময় স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আবারও জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য হন।
তাঁর প্রয়াণে গোবিন্দগঞ্জ উপজেলা ও জেলাজুড়ে পরিচিত মহল, স্বজন ও সাবেক সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।