ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি নেতা ও দাইন্যা ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি সংঘ’ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দাইন্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও নিহতের ছোট ভাই আজহারুল ইসলাম লাভলু মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এতে স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নিহত ফারুকের পরিবারসহ এলাকাবাসী অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় পার হলেও ঘাতকদের উপযুক্ত শাস্তি না হওয়া অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান তাঁরা। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে আকুরটাকুর এলাকায় প্রাতর্ভ্রমণে বের হলে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে রফিকুল ইসলাম ফারুককে হত্যা করে। পরবর্তীতে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে মামলা করেন, যা বর্তমানে তদন্তাধীন ও বিচারাধীন অবস্থায় রয়েছে।
এআইএল/সকালবেলা