শরীয়াহবিরোধী আইন বাতিলের দাবি ইসলামী আন্দোলনের
স্টাফ রিপোর্টার: দেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ায় তাদের ধর্মীয় বিধান পালনে সহায়তা করতে রাষ্ট্র বাধ্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে তিনি অনতিব্লিমে নতুন পাস হওয়া শরীয়াহবিরোধী আইন বাতিলের দাবি জানান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের মহাসচিব অভিযোগ করে বলেন, বর্তমান সরকার কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার অঙ্গীকার করলেও ক্ষমতার ছয় মাসের মাথায় শরীয়াহবিরোধী আইন পাস করেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যুগসেরা উলামায়ে কেরাম থাকা সত্ত্বেও তাঁদের মতামত উপেক্ষা করে একটি ধর্মীয় বিষয়ে খ্রিষ্টান পণ্ডিতদের উদ্ধৃতি ব্যবহার করে আইন প্রণয়ন করা দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি স্পষ্ট অবহেলা।
প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, আগামী শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে শরীয়াহ ও দলের অবস্থান ব্যাখ্যা করা হবে। সভায় সংগঠনের যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা