কুয়াকাটায় বজ্রাঘাতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে বজ্রাঘাতে নিখোঁজের দুই দিন পর মান্তা সম্প্রদায়ের জেলে বাদল সরদারের (২৫) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পায়রা বন্দরের লাল বয়া সংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত বাদল পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামের ওহিদ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে পায়রা বন্দর জেটি সংলগ্ন এলাকা থেকে নৌকা নিয়ে স্ত্রীসহ তিনজন নদীতে মাছ শিকারে যান। দুপুরে জাল ফেলার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বাদল নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান। দুই দিন ধরে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানের পর তাঁর লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন।
এআইএল/সকালবেলা