৩৬ দিনেই ৯০০ মিলিয়ন ডলার, টম হল্যান্ডের ‘ব্র্যান্ড নিউ ডে’ গড়ে তুলল নতুন ইতিহাস
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বক্স অফিসে আয়ের নতুন ইতিহাস সৃষ্টি করেছে হলিউড তারকা টম হল্যান্ড অভিনীত মার্ভেল ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র ৩৬ দিনের মাথায় উত্তর আমেরিকার বাজারে ৯০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি।
হলিউড সিনেমা অঙ্গনে দ্রুততম সময়ে এই আর্থিক অর্জনের দিক থেকে এটিই এখন শীর্ষ রেকর্ড। এর আগে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ সিনেমাটি মুক্তির ৫০ দিনে ৯০০ মিলিয়ন ডলারের কোটা স্পর্শ করেছিল, যা এতদিন তালিকার শীর্ষে ছিল। সেই পুরোনো রেকর্ড পেছনে ফেলে নতুন মাইলফলক স্থাপন করল মার্ভেলের নতুন এই কিস্তি।
বিশ্বব্যাপী বাণিজ্যিক সাফল্যের দিক থেকেও চমক দেখিয়েছে সিনেমাটি। আন্তর্জাতিক বাজার মিলিয়ে এখন পর্যন্ত ‘ব্র্যান্ড নিউ ডে’র মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে। শুধু তা-ই নয়, মুক্তির পর থেকে টানা ছয় সপ্তাহ ধরে ঘরোয়া বক্স অফিসের শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিনেমাটি।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।