নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

মো. ইউসুফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন সবজি ব্যবসায়ী ও একজন সবজি দোকানের কর্মচারী।

নিহতরা হলেন—নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ দক্ষিণ গ্রামের ময়না মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আবুল কাশেম (৫০) এবং ইনাতগঞ্জ বাজারের ফাহিম সবজি ভান্ডারের কর্মচারী ময়না মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী পিকআপ ভ্যানযোগে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল কিনতে যাচ্ছিলেন। পথে রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা 'লাকি পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপ ভ্যানে থাকা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়। বর্তমানে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরবর্তীতে ঘাতক বাসটি আউশকান্দি এলাকা থেকে আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোট তিনজন প্রাণ হারিয়েছেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন