কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামশুন নাহার শিলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. সাদিয়া তাসনিম মুনমুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন—উপজেলার গজারিয়া কাঞ্চনপুর এলাকার দিলবর দেওয়ানের ছেলে ইব্রাহীম দেওয়ান (৬৩) এবং টান কালিয়াকৈর এলাকার আব্দুল বারেকের ছেলে ছাহিবুর রহমান (৪৫)।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দালাল চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে আসা দরিদ্র ও অসহায় রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দুজনকে হাতেনাতে ধরে সাজা দেওয়া হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সামশুন নাহার শিলা জানান, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত করা ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে দুই দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|