ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে দুই নারী নিহত
বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই নারীর করুণ মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং একই এলাকার বাসিন্দা লাইলী বেগম। আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩) ও জরিনা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মালবাহী পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার জোরালো ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী মারা যান। গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পরপরই ভূল্লী থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক পিকআপসহ চালক মো. হাবিবুর রহমানকে (২৪) আটক করেছে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|