বগুড়ায় বাসি তরকারি খেয়ে গৃহবধূর মৃত্যু, অসুস্থ ৩
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার ধুনটে বাসি তরকারি খেয়ে খাবারের বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) শাহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সাইফুল ইসলাম (৫০), মেয়ে সাথী খাতুন (২৩) ও জামাই সুমন মিয়া (২৫) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরিজতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাতে কবুতরের মাংস ও পাঙাশ মাছ রান্না করে পরিবারের সদস্যরা ভাত খান। বেঁচে যাওয়া তরকারি পরদিন সকালে না ধুয়ে বা গরম না করেই পুনরায় গ্রহণ করলে পরিবারের চার সদস্যই তীব্র পেটে ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনুর বেগমের মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খাবারের বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা
|