রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

রাসেল মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত আছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে তানিয়া খাতুন জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক আরিফ হোসেন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দির খালকুলা গ্রামের তানিয়া খাতুনের বিয়ে হয়। বাদীর অভিযোগ, বিয়ের পর তানিয়া তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দিলে সংসার করবেন না জানিয়ে বাবার বাড়ি চলে যান। সালিশি বৈঠকেও সুরাহা না হওয়ায় সাখাওয়াত বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, ইতিপূর্বে আসামি শর্তসাপেক্ষে জামিন নিলেও পরবর্তীতে বাদীর সঙ্গে সংসার করতে রাজি হননি। লিগ্যাল এইডসহ একাধিক আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আদালত তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন