রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মহিলা মেম্বর গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ণ
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মহিলা মেম্বর গ্রেপ্তার

সকালবেলা নিউজ: রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. হামিদা খাতুন (৪৭) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম (৪০)।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিমুল শেখের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তাঁর পরিষদের দুই নারী সদস্য মাদকসহ গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি শুনেছেন, তবে আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন