নদীতে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার: প্রশংসায় ভাসছেন কনস্টেবল হাসান

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ণ
নদীতে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার: প্রশংসায় ভাসছেন কনস্টেবল হাসান

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে (২৪) নিজের জীবন বাজি রেখে উদ্ধার করেছেন অমিত হাসান নামের এক পুলিশ সদস্য।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইল কান্দি সংলগ্ন তিতাস নদীর সেতুতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বাবার বাড়িতে অবস্থান করা ওই তরুণী রাতে অভিমান করে শিমরাইল কান্দি সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন। ওই সময় এক সহকর্মীকে নিয়ে ওই এলাকা দিয়ে ঘুরতে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের কনস্টেবল অমিত হাসান ঘটনাটি দেখতে পান। মুহূর্তের মধ্যে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিতাস নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে ওই নারীকে উদ্ধার করেন। পরে একটি নৌকার সাহায্যে তাঁকে পাড়ে এনে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে খবর পেয়ে ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন হাসপাতালে গিয়ে ওই তরুণীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর পরিবারকে বিষয়টি জানান। প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১২টার দিকে উদ্ধার হওয়া তরুণীকে তাঁর পরিবার ও মায়ের জিম্মায় তুলে দেওয়া হয়। কনস্টেবল অমিত হাসানের এই তাৎক্ষণিক সাহসিকতা ও মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবার।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন