কটিয়াদীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মিজানুর রহমান (কটিয়াদী, কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে অভিযান চালিয়ে ৯২০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের একটি আলমারি থেকে এসব ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার পাপিয়া আক্তার আলো ওই গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। স্থানীয়দের অভিযোগ, লিটন মিয়া ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এআইএল/সকালবেলা