মনিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
মনিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে। আব্দুল্লাহ আল মামুন এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা, সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, “দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হলে সুস্বাস্থ্য, আধুনিক শিক্ষা ও পরিকল্পিত পরিবার ব্যবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তবেই তারুণ্যের শক্তিকে কাজে লাগানো সম্ভব।”

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা বলেন, পরিকল্পিত পরিবার, স্বাস্থ্যসচেতনতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমেই কেবল একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখা এবং মাঠপর্যায়ে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য উপজেলার শ্রেষ্ঠ মাঠকর্মীদের মাঝে ক্রেস্ট, সম্মাননা সনদপত্র এবং পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন