বিসিবি থেকে কোনো তদবির নয়, নির্বাচন স্বচ্ছ হবে: তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচনে ক্রিকেট বোর্ড কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (২১ মে) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, "আমি আমার অধীনে যতটা পারি স্বচ্ছতা রেখে নির্বাচন করছি। আপনারা খোঁজ নিলে দেখবেন ক্রিকেট বোর্ড থেকে কোনো তদবির বা অনুরোধ খুঁজে পাবেন না। নির্বাচন যেন সর্বোচ্চ স্বচ্ছ হয়, সেজন্য সবাইকে কঠোর বার্তা দেওয়া আছে।"
নির্বাচনী প্রক্রিয়ায় নিজের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি স্পষ্ট করে তামিম আরও বলেন, "নির্বাচন নিয়ে অতীতে অনেক অনীহা বা অনিয়মের কথা শোনা গেলেও এবার এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। যদিও নির্বাচন কমিশন সম্পূর্ণ আলাদা, তবুও আমি নিজেকে এই জায়গা থেকে পুরোপুরি সরিয়ে নিয়ে এসেছি। এখন পুরো বিষয়টাই নির্বাচন কমিশনের ওপর। পার্থক্য এটাই যে, আমি কোনো চিঠিতে স্বাক্ষর করছি না, কোনো কাউন্সিলরশিপ ফেরত দিচ্ছি না।"
উল্লেখ্য, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে সাবেক পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তাঁরা।