খেলা থামিয়ে দিল বৃষ্টি

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ণ
খেলা থামিয়ে দিল বৃষ্টি

মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ যখন নিজেদের অবস্থান শক্ত করার পথে, ঠিক তখনই বাগড়া দিল বেরসিক বৃষ্টি। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেননি দুই দলের ক্রিকেটাররা।

লাঞ্চের ৪০ মিনিটের বিরতি শেষে খেলা শুরুর প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামলে দ্রুত পিচ ও আউটফিল্ডের গুরুত্বপূর্ণ অংশ কাভারে ঢেকে দেওয়া হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি মিরপুরের আকাশে জমেছে কালো মেঘ, যার ফলে স্টেডিয়ামজুড়ে প্রায় অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃষ্টির আগে প্রথম সেশনটি ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। যদিও দলীয় ২৩ রানেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের প্রতিরোধে সেই চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।

প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে রয়েছে। ক্রিজে থিতু হওয়া মুমিনুল হক ৮২ বলে ৩৭ রান এবং নাজমুল হোসেন শান্ত ৫৭ বলে ৩৪ রানে অপরাজিত আছেন। এখন বৃষ্টির দাপট কমে আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

জান্নাত/সকালবেলা