মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি করা হয়েছে: সাকিব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ
মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি করা হয়েছে: সাকিব

স্পোর্টস ডেস্ক: হত্যা মামলার তালিকা থেকে নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে তার কাছে এক কোটি টাকা দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে দেশের রাজনীতি, নিজের বিরুদ্ধে হওয়া মামলা এবং জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলতে গিয়ে এই বিস্ফোরক দাবি করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সাকিবের নাম জড়ানো হয়। সাকিবের ভাষ্যমতে, মামলার এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য নির্ধারিত ব্যক্তিটি কয়েকজনের মাধ্যমে তার কাছে এক কোটি টাকা দাবি করেন। তবে সাকিব এই প্রস্তাবে রাজি হননি। তিনি মনে করেন, টাকা দেওয়ার অর্থ হলো নিজের দোষ স্বীকার করা। এছাড়া আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা হওয়ার পর চাইলেই নাম প্রত্যাহার করা সম্ভব নয়, এটিও তিনি উল্লেখ করেন।

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব জানান, তার ওপর থাকা দেশত্যাগের নিষেধাজ্ঞা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি ফিরতে পারছেন না। গ্রেপ্তারের ভয় না থাকলেও তিনি 'মব' বা ব্যক্তিগত আক্রমণের আশঙ্কা করছেন। তিনি এমন একটি পরিস্থিতির নিশ্চয়তা চান যেখানে বিপদে পড়লে কেউ দায়িত্ব নেবে।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সামর্থ্য এখনও আছে বলে বিশ্বাস করেন সাকিব। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তিনি দলের জন্য অবদান রাখতে চান। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে তিনি নিজেকে নতুন করে প্রস্তুত করার ইচ্ছা পোষণ করেছেন। তিনি মনে করেন, এক-দুটি সিরিজ খেললে তার ফর্ম ও ফিটনেস সম্পর্কে নির্বাচকরা পরিষ্কার ধারণা পাবেন।

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তে কোনো অনুশোচনা নেই সাকিবের। তিনি মনে করেন, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তবে বাংলাদেশের রাজনীতিতে মানুষের নেতিবাচক ধারণার কারণ হিসেবে তিনি জনসেবার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থকে দায়ী করেন।

সাকিবের এই সাক্ষাৎকার ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জান্নাত/সকালবেলা