ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেপ্তার
সকালবেলা ডেস্ক: ধর্ষণের মতো মারাত্মক অভিযোগে ভারতের উদীয়মান ক্রিকেটার ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের ব্যাটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নারী মেডিকেল ছাত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে আটক করা হয়।
হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষণ সিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতার দমদম থানার অন্তর্গত ইমামি সিটি এলাকা থেকে অভিষেককে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ বাস্তবায়নেই পুলিশ এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযোগকারী মেডিকেল ছাত্রীর সঙ্গে গত তিন বছর ধরে অভিষেকের প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে বাঁহাতি এই ব্যাটার একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমনকি তাঁকে মারধর ও প্রাণনাশের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।
তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন ২২ বছর বয়সী এই আন্তর্জাতিক মানের ক্রিকেটার।
অভিষেক পোড়েল ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিয়মিত খেলে আসছেন। ভারতের 'এ' দলের প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরেও খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বেঙ্গলের হয়ে ২০২১-২২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করা এই তারকা এখন পর্যন্ত ৩২টি ফার্স্ট ক্লাস এবং ২৩টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন।
ভারতীয় জাতীয় দলে ডাক পাওয়ার যখন জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছিল, ঠিক তখনই আইনি জটিলতায় জড়িয়ে তাঁর উদীয়মান ক্রিকেট ক্যারিয়ার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
এআইএল/সকালবেলা
|