১টি ম্যাচ, ১১টি ইতিহাস;
ক্রীড়া ডেস্ক: আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বের চোখ আটকে থাকবে এক মহাকাব্যিক সমীকরণে। বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং স্প্যানিশ তরুণ তুর্কিদের গঠিত স্পেন। লিওনেল স্কালোনির শিষ্যরা যেখানে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন, ঠিক সেখানেই দলের প্রাণভ্রমরা লিওনেল মেসির সামনে হাতছানি দিচ্ছে ব্যক্তিগত ১১টি বিরল ও ঐতিহাসিক রেকর্ডের।
মাঠে নামা, নেতৃত্ব দেওয়া, গোল করা কিংবা শিরোপা জয়— সবদিক থেকেই নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন আটবারের ব্যলন ডি'অর বিজয়ী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এক নজরে ফাইনালে মেসির সামনে থাকা ঐতিহাসিক ১১ রেকর্ড:
১. গোলরক্ষক ছাড়া সবচেয়ে বয়স্ক ফাইনালিস্ট:
ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। ইতালি কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের (৪০ বছর ১৩৩ দিন) পর এবং আউটফিল্ড (গোলরক্ষক ছাড়া) খেলোয়াড় হিসেবে ফুটবল ইতিহাসে মেসিই হবেন সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলা তারকা।
২. দ্বিতীয় অধিনায়ক/খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল:
২০১৪ ও ২০২২ সালের পর এটি মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে ব্রাজিলের কাফু (১৯৯৪, ১৯৯৮, ২০০২) টানা তিনটি ফাইনালে খেলার নজির গড়েছিলেন।
৩. প্রথম অধিনায়ক হিসেবে ৩ ফাইনালে নেতৃত্ব:
বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে অধিনায়কের আর্মব্যান্ড পরে দলকে মাঠে নামানোর একক বিশ্বরেকর্ড গড়বেন মেসি।
৪. অধিনায়ক হিসেবে জোড়া বিশ্বকাপ শিরোপা:
ফুটবল ইতিহাসে অনেক তারকা দুবার বিশ্বজয়ী হলেও 'অধিনায়ক' হিসেবে দুই বারই ট্রফি উঁচিয়ে ধরার নজির কারোরই নেই। আর্জেন্টিনা জিতলে মেসি হবেন দুবার বিশ্বজয়ী প্রথম অধিনায়ক।
৫. ফাইনালের সবচেয়ে বয়স্ক গোলদাতা:
স্পেনের বিপক্ষে ১টি গোল পেলেই ১৯৫৮ সালে ৩৫ বছর ২৬৪ দিনে গোল করা সুইডেনের নিলস লিডহোমের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ফাইনালের সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড নিজের করবেন মেসি।
৬. আর্জেন্টিনার হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল:
১৯৩০ প্রথম বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিল করেছিলেন ৮ গোল। চলতি আসরে মেসি ইতোমধ্যেই ৮ গোল করেছেন। ফাইনালে একটি গোল করলেই স্তাবিলকে টপকে ৯৬ বছর পর এককভাবে নতুন রেকর্ড গড়বেন তিনি।
৭. ১০ গোলের অভিজাত ক্লাব:
ফাইনালে জোড়া গোল করলে এক আসরে ১০ গোলের রেকর্ডে ফনটেইন, স্যান্ডর কোসিস এবং গার্ড মুলারের অভিজাত ক্লাবে নাম লেখাবেন ইউরোপের বাইরে জন্ম নেওয়া এই একমাত্র তারকা।
৮. দুটি আলাদা বিশ্বকাপ ফাইনালে গোল:
২০২২ ফাইনালে গোল করা মেসি এবার গোল পেলে ভাভা, পেলে, ব্রেইটনার, জিদান ও কিলিয়ান এমবাপ্পের পর ইতিহাসের মাত্র ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ফাইনাল ম্যাচে গোল করার কীর্তি গড়বেন।
৯. বিশ্ব চ্যাম্পিয়ন দলের হয়ে সর্বোচ্চ গোল:
২০০২ সালে চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে রোনালদো ৮টি গোল করেছিলেন। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে এবং মেসি অন্তত একটি গোল করলে বিশ্ববিজয়ী কোনো দলের খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বোচ্চ (৯ গোল) গোলের রেকর্ড গড়বেন তিনি।
১০. ফাইনালের সর্বোচ্চ গোলদাতা স্পর্শ বা অতিক্রম:
ফাইনালের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ৪টি গোলের একক মালিক কিলিয়ান এমবাপ্পে। মেসি দুটি গোল করলে এমবাপ্পেকে স্পর্শ করবেন এবং হ্যাটট্রিক করলে ৫টি গোল নিয়ে তাকে টপকে একক শীর্ষে উঠে আসবেন।
১১. সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়:
ব্রাজিল (১৯৫৮, ১৯৬২) ও ইতালির পর টানা দ্বিতীয়বার বিশ্বজয়ী দলের সদস্য হিসেবে ৩৭ বছরের নীল্টন সান্তোসের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি বয়সে টানা দুবার বিশ্বকাপ জয়ের ট্রফি ছোঁবেন ৩৯ বছর বয়সী মেসি।
|