টাইব্রেকারে জার্মানির শতভাগ জয়ের রেকর্ড ভাঙল প্যারাগুয়ে

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
টাইব্রেকারে জার্মানির শতভাগ জয়ের রেকর্ড ভাঙল প্যারাগুয়ে
জার্মানির বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে প্যারাগুয়ের জয়ের নায়ক গোলকিপার ওরলান্দো হিল। (ছবি: ফিফা)

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুর ম্যাচে রচিত হলো এক অবিশ্বাস্য মহাকাব্য। ফুটবল ইতিহাসের অন্যতম পরাশক্তি ও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিদায় ঘণ্টা বাজিয়ে দিল ল্যাটিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর রুদ্ধশ্বাস টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে জার্মানিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে গুস্তাভো আলফারোর শিষ্যরা। পেনাল্টি শুটআউটে দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে প্যারাগুয়ের ঐতিহাসিক এই জয়ের মহানায়ক বনে গেছেন গোলরক্ষক ওরলান্দো হিল।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (৩০ জুনে) ভোরে শেষ হওয়া এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের আগের পাঁচ ম্যাচে কোনো গোল না থাকার যে বন্ধ্যাত্ব প্যারাগুয়ের ছিল, তা ম্যাচের প্রথমার্ধেই ঘুচিয়ে দেন হুলিও এনসিসো। তাঁর চমৎকার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারাগুয়ে। তবে বিরতির পর খোলস ছেড়ে বের হওয়া জার্মানিকে সমতায় ফেরান আর্সেনাল তারকা কাই হাভার্টজ। নির্ধারিত ৯০ মিনিট ও পরবর্তীতে অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

ফুটবল ইতিহাসে বিশ্বকাপে এর আগে পাঁচবার টাইব্রেকারে গিয়ে প্রতিবারই জেতা জার্মানি এবারই প্রথম হারের তিতো স্বাদ পেল। অন্যদিকে দুইবার টাইব্রেকারে গিয়ে দুইবারই শেষ হাসি হাসল প্যারাগুয়ে।

টাইব্রেকারের শুরুতেই জার্মানির হয়ে শট নিতে এসে ব্যর্থ হন কাই হাভার্টজ। তাঁর দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে রুখে দেন প্যারাগুয়ে কিপার হিল। জার্মানির পরবর্তী দুই শটে ইয়োশুয়া কিমিখ ও জামাল মুসিয়ালা গোল করলেও প্যারাগুয়ে তাদের প্রথম তিন শটেই জালের দেখা পায়। এরপর জার্মানির চতুর্থ শট নিতে আসা নক ভল্টেমাডার শটও ঝাঁপিয়ে ঠেকিয়ে প্যারাগুয়েকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান হিল। তবে চতুর্থ শটে আন্তোনিও সানাব্রিয়া বল বাইরে মারলে এবং পঞ্চম শটে নাদিম আমিরি গোল করলে জার্মানির আশা বেঁচে থাকে। এরপর প্যারাগুয়ের পঞ্চম শট ফাবিয়ান বালবুয়েনা মারলে তা ঠেকিয়ে দেন জার্মান প্রাচীর মানুয়েল নয়্যার।

ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে চাপের মুখে জার্মানির ইয়োনাথান টাহ বল গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন। এরপর প্যারাগুয়ের পক্ষে হোসে কানালে কোনো ভুল না করে বল জালে পাঠাতেই উল্লাসের সুনামি বয়ে যায় জিলেট স্টেডিয়ামে। এই জয়ের মাধ্যমে জার্মানির বিপক্ষে তিনবারের দেখায় প্রথম জয়ের স্বাদ পেল প্যারাগুয়ে। গত দুটি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি এবার নকআউটে উঠলেও ইউলিয়ান নাগলসমানের দলের যাত্রা শুরুতেই থমকে গেল। অন্যদিকে চমক জাগানো প্যারাগুয়ে শেষ ষোলোর টিকিটে ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হতে যাচ্ছে।

মন্তব্য করুন