১১ ম্যাচ অপেক্ষার পর ৮ বল করেই আবার চোটে ১৮ কোটির পাথিরানা

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
১১ ম্যাচ অপেক্ষার পর ৮ বল করেই আবার চোটে ১৮ কোটির পাথিরানা

স্পোর্টস ডেস্ক: মেগা নিলামে বিপুল পরিমাণ অর্থ খরচ করেও শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানার সার্ভিস ঠিকমতো পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১৮ কোটি রুপি দিয়ে এই লঙ্কান পেসারকে দলে ভেড়ালেও আইপিএলের চলতি আসরের শুরু থেকেই তিনি ছিলেন মাঠের বাইরে। দীর্ঘ ১১ ম্যাচ অপেক্ষার পর অবশেষে কেকেআরের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি তাঁর। গতকাল শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৮ বল করার পর আবারও চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া চোটের কারণে আইপিএলের প্রথম অংশ মিস করেন পাথিরানা। প্রতিযোগিতার মাঝপথে দলের সঙ্গে যোগ দিলেও প্রথম একাদশে খেলার মতো সম্পূর্ণ ফিট ছিলেন না তিনি। অবশেষে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়ায় ভারতীয় বোলার বৈভব অরোরাকে বাদ দিয়ে পাথিরানাকে সুযোগ দেয় কেকেআর টিম ম্যানেজমেন্ট।

শনিবার গুজরাটের বিপক্ষে ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে কেকেআরের হয়ে আইপিএল অভিষেক হয় তাঁর। তবে মাত্র ১.২ ওভার (৮ বল) বল করার পরেই নতুন করে চোটে পড়েন তিনি। ২ ওয়াইডসহ ৯ রান দেওয়ার পর নিজের অষ্টম বলটি করেই মাঠে খোঁড়াতে শুরু করেন পাথিরানা। এরপর ফিজিওর সাহায্য নিয়ে মাঠ ছাড়েন এই লঙ্কান পেসার।

পাথিরানার এই চোটের পর কেকেআর শিবিরে এখন চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। অথচ মাত্র কয়েক দিন আগেই কলকাতার সহকারী কোচ শেন ওয়াটসন গণমাধ্যমকে আশ্বস্ত করেছিলেন যে, পাথিরানার ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (SLC) কাছ থেকে সম্পূর্ণ ফিটনেস সার্টিফিকেট বা ছাড়পত্র নিয়েই তিনি ভারতে এসেছিলেন।

ম্যাচের প্রথম ওভার বল করার সময়ই কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন পাথিরানা। কেকেআরের ফিজিও মাঠে এসে তাঁর সঙ্গে কথাও বলেন। সেই সমস্যা নিয়েই দ্বিতীয় ওভারের বোলিং শুরু করলেও ২ বলের বেশি করতে পারেননি। জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের যে পেশিতে (হ্যামস্ট্রিং বা কাফ মাসল) চোট পেয়েছিলেন, ঠিক সেখানেই নতুন করে টান লেগেছে। লিগ পর্বের এই গুরুত্বপূর্ণ ও নক-আউট সমতুল্য সময়ে পাথিরানার এমন চোট রাহানেদের কেকেআরকে বেশ বড়সড় বিপদে ফেলে দিল। তবে তাঁর এই চোট কতটা গুরুতর, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জান্নাত/সকালবেলা