শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত ঘটনার জেরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। আগামী ১৪ মে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে আদালত তাঁদের হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানিতে বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটনার সময় ডা. দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি ওই সময়কার ঘটনাকে আন্তর্জাতিক মহলে ভিন্নভাবে প্রচার করেছিলেন। অন্যদিকে, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শুরু থেকেই তাঁদের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই সমাবেশকে কেন্দ্র করে উসকানিমূলক সংবাদ প্রচার করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন পর্যায়ে রয়েছে। ট্রাইব্যুনাল আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেছেন। এর আগে হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক এই ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেছিলেন।
এই মামলায় বর্তমানে আরও ছয়জন অভিযুক্ত কারাগারে রয়েছেন। তাঁরা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
|