বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক: রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হুসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উত্তর মুগদার ৫৮/১১ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় একা বসবাস করতেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই ব্যাংক কর্মকর্তাকে বাসার ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে তীব্র দুর্গন্ধের কারণে রাত আনুমানিক ১১টা পর্যন্ত মরদেহ নামানো সম্ভব হয়নি।

এসআই আরও জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে ওই কর্মকর্তা দুই থেকে তিন দিন আগেই মারা গেছেন। বাড়িওয়ালার ভাষ্য অনুযায়ী, গত ঈদের দিন তাঁর সঙ্গে ওই কর্মকর্তার শেষ কথা হয়েছিল। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পুলিশ ধারণা করছে, এর পরবর্তী কোনো এক সময়ে তিনি মারা যান।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করছে জানিয়ে এসআই বোরহান বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে আইনি তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন