বন্যার্তদের সহায়তায় গান গাইবেন রুনা লায়লা
বিনোদন প্রতিবেদক:দেশের বন্যাকবলিত মানুষের চরম দুর্ভোগ লাঘবে মানবিক সুরের আহ্বান নিয়ে এগিয়ে এসেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বন্যাদুর্গত মানুষের জরুরি ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি বিশেষ দাতব্য একক সংগীতানুষ্ঠানে নিজের জনপ্রিয় গানগুলো নিয়ে মঞ্চে উঠছেন এই সুরসম্রাজ্ঞী।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের টিকিট ও ত্রাণ তহবিল:বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্যই হলো বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করা। অনুষ্ঠানের প্রতিটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা।
টিকিট বিক্রির পুরো অর্থই সরাসরি বন্যাদুর্গতদের পুনর্বাসন ও ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে। আগ্রহী দর্শকরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় অবস্থিত হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।অনুষ্ঠানে রুনা লায়লার দীর্ঘ সংগীত জীবন এবং দেশের সংস্কৃতি অঙ্গনে তাঁর অমূল্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হবে।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’— এই মন্ত্রকে বুকে ধারণ করে রুনা লায়লা দীর্ঘ ক্যারিয়ারে বহু কালজয়ী গান উপহার দিয়েছেন। নিজের একক এই সন্ধ্যায় তিনি তাঁর প্রিয় ও জনপ্রিয় দেশাত্মবোধক ও আধুনিক গানগুলো পরিবেশন করবেন। আয়োজক ও শিল্পকলা একাডেমি আশা প্রকাশ করছে, সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বন্যার্তদের জন্য এক উল্লেখযোগ্য তহবিল গঠন করা সম্ভব হবে।
|