বাবার স্মৃতিতে আবেগঘন শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক: প্রতিটি সন্তানের জীবনে বাবা হলেন ভালোবাসা, সাহস ও নির্ভরতার প্রতীক। আজ বিশ্ব বাবা দিবস উপলক্ষে নিজের প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
শবনম ফারিয়া তার শৈশব ও বেড়ে ওঠার গল্পে বাবার অবদানকে জীবনের সবচেয়ে সুন্দর গল্প হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমার জীবনে অসংখ্য উত্থান-পতন, প্রতারণা আর না-পাওয়ার গল্প আছে। কিন্তু আমার বাবার গল্পটা ছিল সম্পূর্ণ আলাদা। আমাকে আকাশে ডানা মেলতে দেওয়া এবং কোনো চাওয়া অপূর্ণ না রাখার অশেষ চেষ্টার গল্প সেটি।” বাবার মৃত্যুর পর থেকে সেই শূন্যতা তিনি আজও বহন করছেন। ফারিয়া জানান, তার দাদি তাকে ‘ছেলের কলিজা’ বলে ডাকেন, কিন্তু সেই শূন্যতা আর কোনোদিন পূরণ হওয়ার নয়।
গত বছর তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর নিজের জীবনের পরিবর্তনের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আল্লাহ মানুষের জীবন থেকে কিছু নিয়ে নিলে অন্যভাবে ফিরিয়েও দেন। গত বছর থেকে আমার জীবনে আরেকজন বাবা এসেছেন। দীর্ঘ ৮ বছর পর আমি আবারও কাউকে ‘আব্বু’ বলে ডাকার সুযোগ পেয়েছি—তিনি আমার শ্বশুর।”
অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবনের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন শবনম ফারিয়া। বাবা দিবসে তিনি বিশ্বের সকল বাবাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন।
জান্নাত সকালবেলা
|