ইয়েমেনে হুতিদের নতুন হামলায় নিহত ৭, আহত ৩০
অনলাইন ডেস্কঃ ইয়েমেনের কৌশলগত লোহিত সাগর উপকূলীয় বন্দরনগরী আল-মাখায় (মোখা) নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুতিদের সর্বশেষ এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে চারজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে সিংহভাগকেই প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সামরিক কর্তৃপক্ষের দাবি, হুতি বিদ্রোহীরা এই হামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহরের বেসামরিক অবকাঠামো, সাধারণ মানুষের বাসাবাড়ি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সামরিক অবস্থানগুলোকে নিশানা বানিয়েছিল। হামলা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার সময় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ১১টি হুতি ড্রোন ভূপাতিত করে। এ ছাড়া হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যচ্যুত হয়ে লোহিত সাগরে পতিত হয়।
অন্যদিকে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেছেন, আল-মাখায় অবস্থানরত সৌদি আরব পরিচালিত সেনাদের কেন্দ্র ও তাদের অস্ত্রের গুদাম লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। হুতিদের অনুগত টেলিভিশন চ্যানেল 'আল-মাসিরাহ'-তে হামলার সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ধারণকৃত ভিডিও সম্প্রচার করা হয়েছে।
এর মাত্র একদিন আগে গত রবিবার আল-মাখা শহর ও এর ব্যস্ততম বাণিজ্যিক বন্দরে হুতিদের চালানো অপর এক হামলায় অন্তত ১১ জন নিহত (আট সেনা ও তিন বেসামরিক) এবং ৩২ জন আহত হয়েছিলেন। রবিবারের ওই ক্ষেপণাস্ত্র হামলায় বন্দরের অবকাঠামো, বিভিন্ন বাণিজ্যিক ভবন এবং গুদামে সংরক্ষিত খাদ্যসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে বলে বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নিশ্চিত করেছে।
ইয়েমেনি সরকারি বাহিনী আরও প্রকাশ করেছে যে, লোহিত সাগরের বাণিজ্যিক বন্দরের দিকে দ্রুতবেগে ধেয়ে আসা বিস্ফোরকবোঝাই একটি চালকবিহীন হুতি নৌযান তারা সময়মতো শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
|