অস্ট্রেলিয়ায় স্যুটকেসে মৃতদেহ ভেবে চরম আতঙ্ক, পরীক্ষা শেষে ধরা পড়ল পুতুল
অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে পরিত্যক্ত এক স্যুটকেসের ভেতর একটি ‘মানুষের মৃতদেহ’ পাওয়ার সংবাদের ভিত্তিতে হত্যা মামলা হিসেবে বেশ ঘটা করে তদন্তে নামে স্থানীয় পুলিশ। তবে ফরেনসিক পরীক্ষার পর নাটকীয় মোড় নিয়ে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুটি কোনো মানবদেহ নয়; বরং মানুষের আকৃতিতে তৈরি অত্যন্ত জীবন্ত ও বাস্তবসম্মত এক পুতুল।
অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওলেন গ্রামের কাছে নিরালা রাস্তার পাশে দুই ভ্রমণকারী পথচারী পরিত্যক্ত স্যুটকেসটি দেখতে পান। উৎসুক হয়ে তারা কাছে গেলে সেটির ভেতর মানুষের আকৃতি দৃশ্যমান হওয়ায় মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন।
আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকালে স্থানীয় পুলিশ ঘটনাটিকে একটি হাই-প্রোফাইল হত্যা মামলা হিসেবে জোরকদমে তদন্তের সিদ্ধান্ত ঘোষণা দিলে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। তবে এর কয়েক ঘণ্টার মাথায় ফরেনসিক বিশেষজ্ঞদের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে, স্যুটকেসের ভেতরে থাকা বস্তুটি কোনো মানুষের দেহাবশেষ বা হাড়গোড় নয়।
হিউম পুলিশ ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট লিন্ডা ব্র্যাডবেরি গণমাধ্যমকে বলেন, “স্যুটকেসের ভেতরের পুতুলটি দেখতে এতটাই নিখুঁত ও বাস্তবসম্মত ছিল যে, প্রথম দেখায় পেশাদার যে কারও কাছে সেটিকে মানবদেহ বলেই মনে হওয়া স্বাভাবিক। পুতুলটির গায়ে পরিপাটি পোশাক পরানো ছিল, মাথায় ছিল উইগের কৃত্রিম চুল এমনকি নাকে ফোঁড় পর্যন্ত ছিল। শুধু তা-ই নয়, অবিকল আঘাত পাওয়ার মতো কালশিটে ও ঘষা লাগার কৃত্রিম দাগও তৈরি করা হয়েছিল সেটির শরীরে।”
পুলিশের এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরও ব্যাখ্যা করেন, সম্ভাব্য অপরাধস্থলের পারিপার্শ্বিক প্রমাণের আলামত ও পরিবেশ অক্ষত রাখাই ছিল প্রাথমিক তদন্তের মূল লক্ষ্য। এ কারণে অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা অতিরিক্ত হস্তক্ষেপ না করে বিশেষজ্ঞদের ঘটনাস্থলে তলব করা হয়েছিল। ফরেনসিক চিকিৎসকদের দল সব ধরনের কারিগরি পরীক্ষা শেষেই পুতুলের সত্যতা নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে ঘুরে বেড়াতে গিয়ে ভৌতিক পরিস্থিতির মুখোমুখি হওয়া সেই দুই সাধারণ নাগরিকে ধন্যবাদ জানিয়ে লিন্ডা ব্র্যাডবেরি জানান, তাঁরা সচেতন নাগরিকের মতো পুলিশকে কল দিয়ে একদম সঠিক কাজটি করেছিলেন। রহস্যজনক বস্তুটির আসল পরিচয় সম্পর্কে তাঁদের দ্রুতই আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। আর এটি কোনো ফৌজদারি ঘটনা না হওয়ায় আপাতত ঘটনার ইতি টেনে বন্ধ ঘোষণা করা হয়েছে পুলিশি তদন্ত কার্যক্রম।
|