খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তিন দিনের সরকারি ছুটি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষ্যে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হবে। এসব কর্মসূচির কারণে তেহরান প্রদেশে তিন দিন সরকারি ছুটি কার্যকর থাকবে।
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। তেহরানের অনুষ্ঠান শেষে ৭ জুলাই পবিত্র নগরী কুমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাঁকে দাফন করা হবে।
ইসলামি বিপ্লবের নেতা খামেনি প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন তিনি নিহত হন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়।
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শুধু একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রূপান্তরের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। দেশজুড়ে লাখো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে।
|