ইরান নিয়ে নেতানিয়াহুর দাবি মিথ্যা: সাবেক ইসরায়েলি সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন, তাকে সম্পূর্ণ 'মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক' বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তাঁর অভিযোগ, ইসরায়েলের সাধারণ জনগণকে সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে রেখে রাজনৈতিক ফায়দা লুটতেই নেতানিয়াহু এই অবাস্তব গল্প ফেঁদেছেন।
ইসরায়েলি প্রভাবশালী দৈনিক ‘ইয়েদিওথ আহরোনথ’-এর বরাত দিয়ে জানা গেছে, মধ্য ইসরায়েলে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সম্মেলনে বর্তমান বিরোধী রাজনৈতিক দল ‘ইয়াশার’ পার্টির প্রধান গাদি আইজেনকোট এই বিস্ফোরক মন্তব্য করেন।
নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করে সাবেক এই সেনাপ্রধান বলেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু অত্যন্ত আপত্তিকর ও ভিত্তিহীন কথা বলেছেন। বাস্তব সত্য হলো—ইরানের কাছে কোনো পারমাণবিক বোমাই ছিল না। তিনি ইসরায়েলের জনগণকে ভীত-সন্ত্রস্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি কাল্পনিক ও অবাস্তব পরিস্থিতি তৈরি করছেন।”
মূলত গত মঙ্গলবার ইসরায়েলের টেলিভিশন মাধ্যম ‘চ্যানেল ১৪’-কে দেওয়া নেতানিয়াহুর একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এই কড়া প্রতিক্রিয়া জানান আইজেনকোট। ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছিলেন, “ইরানের হাতে ইতিমধ্যেই চলে আসা পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ থেকে আমাদের দেশকে বাঁচাতে আমি নিজে অত্যন্ত গোপনে দুইবার ইরানে প্রবেশ করেছিলাম।”
নেতানিয়াহুর নিজের দেশে প্রবেশ করে পারমাণবিক বোমা ঠেকানোর এই নাটকীয় দাবিকে সরাসরি নাকচ ও হাস্যকর বলে উড়িয়ে দিলেন তাঁরই সাবেক সেনাপ্রধান। উল্লেখ্য, পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের নানা অভিযোগের বিপরীতে ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি জোরালোভাবে অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, বেসামরিক ও চিকিৎসা-জ্বালানি গবেষণার উদ্দেশ্যে পরিচালিত।
এআইএল/সকালবেলা
|