দুই ধাপে বাস্তবায়িত হবে নবম পে স্কেল, মূল বেতন বৃদ্ধির শীর্ষে নিম্ন গ্রেড

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
দুই ধাপে বাস্তবায়িত হবে নবম পে স্কেল, মূল বেতন বৃদ্ধির শীর্ষে নিম্ন গ্রেড
নবম পে স্কেলের সুপারিশ পর্যালোচনায় সচিব কমিটির বৈঠক

অনলাইন ডেস্ক: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনটি পৃথক বেতন কমিশনের মূল সুপারিশ বিস্তারিত পর্যালোচনার পর কমিটি নিজেদের অবস্থান ও সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছে।

বুধবার (১২ আগস্ট, ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণির সভাপতিত্বে এই পর্যালোচান সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর জন্য সুপারিশ করেছে সচিব কমিটি। তবে সব গ্রেডে একই হারে বেতন বৃদ্ধি পাবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রেখে তাঁদের মূল বেতন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে।

সচিব কমিটির পেশকৃত প্রস্তাবনা অনুযায়ী, নতুন এই নবম পে স্কেল দুই পৃথক ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে কেবল সংশোধিত ও নতুন নির্ধারিত মূল বেতন কার্যকর করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সচিব কমিটির এক সদস্য জানিয়েছেন, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের তৈরি করা পৃথক প্রতিবেদনগুলো সামগ্রিকভাবে বিশ্লেষণ করেই এই সার্বিক সুপারিশ তৈরি করা হয়েছে। প্রস্তাবিত সুপারিশগুলোর ওপর চূড়ান্ত অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণ করবে মন্ত্রিপরিষদ পর্যায়ের কমিটি।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে নবম পে কমিশন সরকারের কাছে তাদের বিস্তারিত প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর একটি রূপরেখা দেওয়া হয়েছিল। যার মধ্যে সর্বনিম্ন মূল বেতন বিদ্যমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছিল।

পরবর্তীতে নতুন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২১ এপ্রিল পে কমিশনের সেসব সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার জন্য এই বিশেষ কমিটি গঠন করে। ওই পর্যালোচনার ভিত্তিতেই চূড়ান্ত পে স্কেলের ঘোষণা আসতে যাচ্ছে।

মন্তব্য করুন