সাভার প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ‘বৃক্ষ ও তাঁত মেলা’র উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
সাভার প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ‘বৃক্ষ ও তাঁত মেলা’র উদ্বোধন
সাভার প্রেসক্লাবের সামনে মাসব্যাপী ‘বৃক্ষ ও তাঁত মেলা’র উদ্বোধন
 জাতীয় ডেস্ক : সাভার প্রেসক্লাবের সরাসরি তত্ত্বাবধানে ক্লাবের সামনের মাঠে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মাসব্যাপী ‘বৃক্ষ ও তাঁত মেলা-২০২৬’।আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট, ২০২৬) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।উদ্বোধনী আয়োজনে সাভার প্রেসক্লাবের এমন পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী উদ্যোগকে আন্তরিক স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, "পেশাগত সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে সাভার প্রেসক্লাব বৃক্ষরোপণ উৎসাহিতকরণ এবং স্থানীয় তাঁতশিল্পের প্রসারে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই মেলা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করবে, অন্যদিকে দেশীয় তাঁতপণ্যের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখবে।"সাভার প্রেসক্লাবের বর্তমান সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ, সাভার পৌর যুব মহিলা দলের সভাপতি তানিয়া ইয়াসমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী এই মেলায় নানা প্রজাতির দেশি-বিদেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের নার্সারির পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী তাঁতসামগ্রীর বহুবিধ আকর্ষণীয় স্টল স্থান পেয়েছে। দর্শনার্থী ও ক্রেতাদের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা এবং একটি সম্পূর্ণ পরিবেশবান্ধব স্বাস্থ্যকর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন