দূষিত শহরের তালিকার শীর্ষ ১০ থেকে নামল ঢাকা
অনলাইন ডেস্ক:বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে শীর্ষ দশের বাইরে নেমে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের রেকর্ড অনুযায়ী, বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল ২২তম।
সুইজারল্যান্ডভিত্তিক পরিবেশ প্রযুক্তি সংস্থা ‘আইকিউএয়ার’ (IQAir)-এর বায়ুর মান পর্যবেক্ষণসূচক থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, এই সময়ে ঢাকার বায়ুমান সূচক (AQI) স্কোর ছিল ৮২, যা পরিবেশবিদদের মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায় হিসেবে ধরা হয়।
একই সময়ে বিশ্বজুড়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছিল কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান সূচক স্কোর ছিল ২০৮ (খুবই অস্বাস্থ্যকর)। তালিকায় ১৯৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে উগান্ডার কাম্পালা, ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুচিং এবং ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউএয়ার-এর বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর ০-৫০ হলে বাতাসকে ‘ভালো’ এবং ৫১-১০০ হলে ‘সহনীয়’ ধরা হয়। তবে স্কোর ১০১-১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ অতিক্রম করলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ পরিবেশ ঘোষণা করা হয়।
|