বঙ্গভবনে উঠলেন দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন।
নতুন রাষ্ট্রপতি বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাঁর গাড়িবহরকে স্বাগত জানিয়ে সসম্মানে ভেতরে নিয়ে যায়। এরপর বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করে।
গার্ড অব অনার ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বঙ্গভবনে বসবাসের বাধ্যবাধকতা রয়েছে। এখন থেকে তিনি এখানেই বসবাস করবেন এবং রাষ্ট্রের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম এখান থেকেই পরিচালনা করবেন।
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন প্রবীণ এই রাজনীতিক।
|