ভুল তথ্য মোকাবিলাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক: সরকারের বার্তা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সরকারি প্রচার মাধ্যমকে নতুন ও সৃজনশীল কৌশল অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য (মিথ্যা তথ্য) মোকাবিলা করাকে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে চিহ্নিত করেছেন তিনি।
রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। সরকারের নীতি ও উন্নয়নমূলক বার্তা জনগণের নিকট বিশ্বস্ততার সাথে পৌঁছে দিতে এই মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থের নেতৃত্বের প্রশংসা করেন এবং সার্বিক কাজ পরিচালনায় ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন।
পরবর্তী বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় বৈপ্লবিক পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, যেকোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত শেষ করার নীতি গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল পরিকাঠামো এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার নির্দেশ প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
|