সরকারের ২.৭০ লাখ টন গম কেনার সিদ্ধান্ত

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
সরকারের ২.৭০ লাখ টন গম কেনার সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক ঃ জাতীয় চাহিদা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজার থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের পৃথক দুটি উৎস থেকে এই গম আনা হবে। এতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।

আমদানির মোট পরিমাণের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতিতে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন এবং সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম দেশে আসবে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই গম আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো প্রথম প্রস্তাবের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে ‘সরকার থেকে সরকার’ (জিটুজি) পদ্ধতিতে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই চুক্তিতে প্রতি মেট্রিক টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। সেই হিসাবে এই চালানের মোট মূল্য দাঁড়াবে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।

অন্যদিকে, বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই গম ক্রয়ের মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা। এই ক্ষেত্রে প্রতি মেট্রিক টন গমের আমদানি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭.৯২ মার্কিন ডলার।

মন্তব্য করুন