গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
সকালবেলা ডেস্ক: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজ পরিচালনায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। গণমাধ্যমের বস্তুনিষ্ঠ অবস্থানের কারণেই আজ গণতন্ত্র এই পর্যায়ে উন্নীত হতে পেরেছে। অন্তর্বর্তী সরকার একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং সাংবাদিকদের কাজে কোনো বাধা সৃষ্টি করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জানান, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ডিআরইউর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা