আইনশৃঙ্খলায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই বিপ্লব পরবর্তী ভঙ্গুর দশা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি প্রদান করা হয়েছে। ফলে চাকুরিচ্যুত বা মামলাভুক্ত বিডিআর সদস্যদের পুনর্বহালের কোনো সুযোগ নেই। এছাড়া ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনতে 'ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি' শীর্ষক একটি প্রকল্পের প্রস্তাবনা পুনর্গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে বর্তমানে বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ এবং বেকার মানুষের সংখ্যা ২ দশমিক ৬২ মিলিয়ন। প্রতি বছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ শ্রমবাজারে যুক্ত হচ্ছেন।
এআইএল/সকালবেলা