রোহিঙ্গা সংকট জটিল করেছে ফ্যাসিস্ট সরকার: পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার: বিগত ফ্যাসিস্ট সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর কূটনৈতিক উদ্যোগ না নিয়ে লোক দেখানো তৎপরতায় সীমাবদ্ধ থাকায় সংকট আরও দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সীমান্তে ভারতীয় বাহিনীর যেকোনো পুশইন প্রচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর প্রতিবাদ জানাচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
অন্যান্য সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় বিদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে রোডম্যাপ নিয়ে কাজ চলছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি বন্দি রয়েছেন। পাশাপাশি রাশিয়ার সহযোগিতায় বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ এ বছরের ডিসেম্বর নাগাদ শুরু হতে পারে বলে তিনি জানান।
এআইএল/সকালবেলা