অনুমোদন ছাড়া সড়কে চলছে ৮২৯ স্লিপার বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
অনুমোদন ছাড়া সড়কে চলছে ৮২৯ স্লিপার বাস

সকালবেলা অনলাইন: দূরপাল্লার যাত্রায় জনপ্রিয়তা পেলেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো অনুমোদন ছাড়াই সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ৮২৯টি অবৈধ স্লিপার বাস।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টে বিআরটিএর পক্ষ থেকে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুনাব শেষে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিআরটিএর অনুমোদন ছাড়া কোনো স্লিপার বাস মহাসড়কে চলাচল করতে পারবে না।

প্রতিবেদনে বলা হয়, একতলা বাস হিসেবে নিবন্ধন নেওয়ার পর মালিকপক্ষ বেআইনিভাবে বডির কাঠামো পরিবর্তন করে সেগুলোকে স্লিপার কোচে রূপান্তর করেছে। স্থানীয় গ্যারেজে নকশা পরিবর্তনের ফলে বাসের ভারসাম্য, উচ্চতা ও ওজন বদলে গিয়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হচ্ছে। অনুমোদনহীন এসব যানের কারণে মিরসরাই, দাউদকান্দিসহ বিভিন্ন স্থানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। আইন ভেঙে কাঠামো পরিবর্তন ও ফিটনেস নবায়নের পেছনে বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিআরটিএ জানিয়েছে, এসব অবৈধ বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন